{"product_id":"v0xr8p4ytw6u","title":"Udbasita Mandas by Bratya Basu [Hardcover]","description":"\u003cp\u003eপূর্ববর্তী উপন্যাস ‘দ্যূতক্রীড়ক’-এ ব্রাত্য বসু আমাদের অবগাহন করিয়েছিলেন এক নিয়তিতাড়িত শিল্পীজীবনের গভীরে। শিশির ভাদুড়ির জীবনের প্রথম চল্লিশ বছর এবং সেইসঙ্গে প্রোথিত ছিল বাংলা রঙ্গালয়ের এক চলমান কালবিবরণী। এই উপন্যাসে সেই জুয়াড়ি জীবনের ভেলায় চেপে বাকি তিরিশ বছরের অনিবার্য তরঙ্গে ক্রমাগত অনিশ্চিত আরোহণ-অবরোহণ করি আমরা। শেষপর্যন্ত এই বাজিগর কি জীবনের শেষ খেলায় জিততে পারলেন? আধুনিক ও বদলে যাওয়া সময়ের বাস্তবতার বিপরীতমুখী স্রোতে তিনি কি ভেসে উঠতে পারলেন? নাকি সময় তার অমোঘ নিয়মে তাঁকে অবাঞ্ছিত ও বাতিল করে দিল? এই উপন্যাসে লেখা প্রত্যেক বাঙ্ময় পঙ্ক্তির মাঝে লেখকের নীরব ও গভীর অবলোকন এই প্রশ্নগুলোকে নিয়ে নাড়াচাড়া করে। নিছক আত্মজীবনের ধারাভাষ্য এই পাঁচটি দীর্ঘ অধ্যায়ে বিস্তারিত এই উপন্যাসের বিষয়বস্তু নয়। বরং লেখক এক নৈর্ব্যক্তিক দূরত্বে থেকে সন্ধান করেছেন জীবদ্দশায় যুগপৎ স্বীকৃত ও অবহেলিত একজন মানুষ ও তাঁর নিজস্ব সন্ধানের ব্যাপ্তি। এক নিবিড় গবেষণাকারীর মতোই তিনি অনুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে ভেঙেচুরে, ছিঁড়ে খুঁড়ে গ্রন্থিত করেছেন এক একটি শব্দ, এক একটি বাক্য। এই জীবন ও তার সময়সারণিতে রূঢ়-কঠিন অনায়াস সত্যগাথা বলে চলেন লেখক, আর অন্তর্বিস্ফোরণে ঝলসে উঠি আমরা।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Bratya-Basu\"\u003eব্রাত্য বসু\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eব্রাত্য বসু-র জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, কলকাতায়। শিক্ষা বাঙ্গুর স্কুল, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা ও সাহিত্যে এম এ। এই সময়ের অন্যতম সফল নাটককার, পরিচালক ও অভিনেতা। সম্মানিত নাট্যব্যক্তিত্ব বিষ্ণু বসুর পুত্র ব্রাত্য বাংলা রঙ্গমঞ্চে তাঁর প্রতিভা ও তারুণ্যের গভীর স্বাক্ষর রেখেছেন। এ যাবৎ পেয়েছেন শ্যামল সেন স্মৃতি সম্মান (১৯৯৮), দিশারী পুরস্কার (২০০০), সত্যেন মিত্র পুরস্কার (২০০১, ২০০৩ ও ২০০৪) এবং শিল্পায়ন সম্মান। তাঁর পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘রাস্তা’, ‘তিস্তা’ এবং ‘তারা’।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48697740886266,"sku":"V0XR8P4YTW6U","price":616.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/V0XR8P4YTW6U.jpg?v=1777319623","url":"https:\/\/versoz.com\/products\/v0xr8p4ytw6u","provider":"versoz.com","version":"1.0","type":"link"}